গোলাপগঞ্জ প্রেসক্লাবে সদস্য সংগ্রহ শুরু: প্রথম ধাপে ১০ জন মনোনীত, শিগগিরই নির্বাচনের প্রস্তুতি

গোলাপগঞ্জ প্রেসক্লাবে সদস্য সংগ্রহ শুরু: প্রথম ধাপে ১০ জন মনোনীত, শিগগিরই নির্বাচনের প্রস্তুতি

গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন সদস্য অন্তর্ভুক্তি ও আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আহ্বায়ক এনামুল হক এনামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমরান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহীদের জমাকৃত আবেদনপত্র বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হয়। দীর্ঘ পর্যালোচনা শেষে তিন ধাপে নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে ১০ জনকে নতুন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য আবেদনকারীদের মধ্য থেকেও যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করতে শিগগিরই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।

সভায় যুগ্ম আহ্বায়ক হারিছ আলী, সদস্য সাকিব আল মামুন এবং মাহমুদুল হাসান বাচ্চু উপস্থিত ছিলেন।